সার্জিও রোমেরোর নাম নিলেই ভক্তদের মনে পড়ে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালের কথা। টাইব্রেকারে নেদারল্যান্ডসের দুটি শট ঠেকিয়ে তিনি বনে যান আর্জেন্টিনাকে ফাইনালে তোলার নায়ক। তবে সেই বিশ্বকাপ আর জেতা হয়নি ফাইনালে জার্মানির কাছে ১-০ ব্যবধানের পরাজয়ে। চোটের কারণে ২০১৮ বিশ্বকাপে খেলতে পারেননি তিনি।
সেই রোমেরো ঘোষণা দিলেন পেশাদার ফুটবল থেকে অবসরের। ৩৯ বছর বয়সী মোনাকো ও ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার জানিয়ে দিয়েছেন ক্যারিয়ারের ইতি টানার বিষয়টি।
তবে রোমেরে পরিস্কার করে জানিয়েছেন, তিনি ফুটবল থেকে সরে যাচ্ছেন না। ম্যানেজার হিসেবে ক্যারিয়ার গড়তে আগ্রহী তিনি। তবে গোলকিপিং কোচ না হয়ে পূর্ণাঙ্গ দলের কোচ হওয়ার প্রতিই বিশেষ ঝোঁক তার। ইতিমধ্যেই তার নিজস্ব ব্যাকরুম স্টাফও গঠন করেছেন।
পেশাদার ক্যারিয়ারে রোমেরো এজ আলকমার, সাম্পদোরিয়া, মোনাকো, ম্যানচেস্টার ইউনাইটেড, ভেনেজিয়া, বোকা জুনিয়রস, এবং আর্জেন্টিনোস জুনিয়রস-এর জার্সিতে গোলপোস্ট সামলেছেন।
তার আন্তর্জাতিক ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন মোট ৯৬ ম্যাচ।
আইএন