দেশজুড়ে

যশোরের ইউনিয়ন আ.লীগের সম্পাদক ঢাকা থেকে নিখোঁজ

যশোরের ঝিকরগাছার গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জব্বার রাজধানীর গুলিস্তান থেকে নিখোঁজ হয়েছেন। একই ইউনিয়নের যুবলীগ নেতা হাসান সর্দার হত্যা মামলায় জামিন নিতে তিনি ঢাকায় যান। এসময় ২৫ অক্টোবর সাদা পোশাকে পুলিশ তাকে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া  তার ছেলে টিপু সুলতান।মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন টিপু সুলতান। এসময় তার মা লিলি খাতুন এবং ছোট ভাই মাসুদ রায়হান উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে টিপু সুলতান বলেন, গত ২৫ অক্টোবর সকাল পৌঁনে ৮টার দিকে ঢাকার গুলিস্তানে বাবার সঙ্গে আমি ও এক আত্মীয় দেখা করতে যায়। হঠাৎ পেছন থেকে একটি মাইক্রোবাসে করে ৪/৫ জন আমাদের সামনে আসে এবং বাবার নাম ধরে ডাক দেয়। এদের মধ্যে একজনের হাতে ওয়্যারলেস সেট ছিল।তিনি বলেন, সাদা পোশাকধারী লোকজন তাদের হাত থেকে মোবাইল সেটগুলো নিয়ে নেয়। এরপর তার বাবা এবং ওই আত্মীয়কে গাড়িতে উঠিয়ে তাকে চলে যেতে বলে। এরপর সাদা পোশাকধারীরা তার বাবাসহ দুইজনকে মাইক্রোবাসে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তিনি আরো বলেন, ওইদিনই আমি পল্টন থানায় অভিযোগ করতে যায়। কিন্তু পুলিশ অভিযোগ নেয়নি। পুলিশের বিভিন্ন দফতরে খোঁজ নিয়েও সন্ধান পাননি।সংবাদ সম্মেলনে দাবি করা হয়, জব্বার গদখালীর যুবলীগ কর্মী হাসান হত্যা মামলার আসামি। যেদিন গদখালী ইউনিয়নের ওয়ার্ড মেম্বার রাহাতজান খুন হন, সেদিন জব্বার এবং তার দুই ভাই মহিউদ্দিন ও শফি ঢাকায় ছিলেন। অথচ রাহাতজান হত্যা মামলায় তাদেরও আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। প্রশাসনের কাছে তার বাবার সন্ধানের দাবি জানিয়েছেন টিপু সুলতান।মিলন রহমান/এআরএ/এবিএস