গাজীপুর সিটি কর্পোরেশনের মাঝুখান এলাকায় অভিযান চালিয়ে এক কোটি ৬৭ লাখ ১২ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন জাল স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরির যন্ত্রপাতিসহ এক দম্পতিকে আটক করেছে গাজীপুরের সিআইডি পুলিশ।গ্রেফতাররা হলেন, বরিশালের কোতোয়ালী থানার দক্ষিণ রূপাতলী এলাকার ইসহাক হাওলাদারের ছেলে মো. ফারুক হাওলাদার (৪৫) এবং তার স্ত্রী মোসা. আসুমা বেগম (৩৫)।শুক্রবার সকালে সিআইডি পুলিশের গাজীপুর জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানানো হয়। সিআইডি ঢাকা জোনের পুলিশ সুপার মো. আবু সুফিয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাজুখান মধ্যপাড়া এলাকার আক্কাস উদ্দিনের ভাড়া বাড়িতে বৃহস্পতিবার মধ্যরাতে গাজীপুর সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মো. আশরাফ হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ওই দম্পতিকে আটক করা হয়। পরে তাদের বসতঘর থেকে ১০ টাকা মূল্যমানের এক কোটি ৩০ লাখ জাল রেভিনিউ স্ট্যাম্প, ২ টাকা মূল্যমানের ৩২ হাজার টাকা মূল্যের বিশেষ আঠালো স্ট্যাম্প, ৪ টাকা মূল্যমানের ৩০ হাজার ৪০০টাকার জাল কোর্ট ফি, ৫ টাকা মূল্য মানের ১২ লাখ টাকার জাল কোর্ট ফি স্ট্যাম্প, ২০ টাকা মূল্য মানের ১৭ লাখ ৬০ হাজার মূল্যের কোর্ট ফি জাল স্ট্যাম্প ও ৫০টাকা মূল্যমানের ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের দলিল প্রমাণিক জাল স্ট্যাম্পসহ স্ট্যাম্প তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।আমিনুল ইসলাম/এফএ/পিআর