ফরিদপুরের নগরকান্দায় পাট ও ইরি-বোরো ধানসহ ফসলি জমিতে সেচ কার্যক্রম নির্বিঘ্ন করতে কৃষকদের জন্য এলাকাভিত্তিক চারটি ফিলিং স্টেশন নির্ধারণ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (৫ এপ্রিল) দিনগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্ধারিত চারটি ফিলিং স্টেশন থেকে সুশৃঙ্খলভাবে নগরকান্দা পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটি গ্রামের সেচ পাম্প ও পাওয়ার টিলার মালিক এবং কৃষকরা জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন। এতে কৃষকদের ভোগান্তি অনেকটা কমে যাবে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
এ চারটি ফিলিং স্টেশন হলো উপজেলার জয়বাংলা মোড়ে মেসার্স মুন্সি ফিলিং স্টেশন, উপজেলা সদরে মেসার্স শফিউদ্দিন ফিলিং স্টেশন, তালমা মোড়ে মেসার্স মজিদ ফিলিং স্টেশন ও মহিলা রোডে মেসার্স তোফাজ্জউদ্দীন ফিলিং স্টেশন।
প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা সদরের মেসার্স শফিউদ্দিন ফিলিং স্টেশন থেকে নগরকান্দা পৌরসভা, কোদালিয়া শহীদনগর ও ফুলসুতি ইউনিয়নের কৃষকরা তেল সংগ্রহ করবেন। তালমা মোড় এলাকার মেসার্স মজিদ ফিলিং স্টেশন থেকে লস্করদিয়া ও তালমা ইউনিয়নের কৃষকরা তেল পাবেন এবং মহিলা রোড এলাকার মেসার্স তোফাজ্জউদ্দীন ফিলিং স্টেশন থেকে রামনগর ও ডাঙ্গী ইউনিয়নের কৃষকরা তেল নেবেন।
এসব ফিলিং স্টেশন ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়ক ও ফরিদপুর-জয়বাংলা আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত। এ ফিলিং স্টেশনগুলো থেকে কৃষকদের জ্বালানি তেল সংগ্রহ করে জমিতে নিয়ে যাওয়া অত্যন্ত সহজ হবে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নগরকান্দার কৃষকদের জ্বালানি তেল সংগ্রহের জন্য এই চারটি ফিলিং স্টেশন নির্ধারণ করা হয়েছে। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্ধারিত ফিলিং স্টেশনের জন্য নির্ধারিত ট্যাগ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই কর্মকর্তারা ফিলিং স্টেশনগুলোতে তেলের মজুত ও কৃষকদের চাহিদার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।
এন কে বি নয়ন/কেএইচকে/এএসএম