দেশজুড়ে

কুমিল্লায় ইউপি চেয়ারম্যানকে হত্যার ঘটনায় মামলা

সন্ত্রাসীদের গুলিতে কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হোসেন ও তার সহযোগী নিহতের ঘটনায় দাউদকান্দি থানায় ২০ জনের নামে মামলা হয়েছে।মঙ্গলবার গভীর রাতে নিহত মনির হোসেনের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। এ মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয় এবং সাতজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এদিকে ওই ঘটনার পর থেকে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, ঘটনাস্থল দাউদকান্দি হওয়ায় এ থানায় ২০ জনের নামে মামলা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। উল্লেখ্য, কুমিল্লার আদালতে একটি মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে মঙ্গলবার সকালে দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় ইউপি চেয়ারম্যান মনির হোসেন ও তার সহযোগীদের বহনকারী মাইক্রোবাসে সন্ত্রাসীরা গুলি চালিয়ে এবং কুপিয়ে মারাত্মক আহত করে। পরে আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মনির হোসেন ও তার সহযোগী মহিউদ্দিনের মৃত্যু হয়। মঙ্গলবার রাত ৮টায় তাদের লাশ পুলিশ পাহারায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কামাল উদ্দিন/এফএ/পিআর