দেশজুড়ে

বেনাপোলে কাস্টমস যুগ্ম-কমিশনারের বদলি

শুল্ক ফাঁকির সহায়তাসহ নানা অনিয়মের অভিযোগে অবশেষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসের বিতর্কিত যুগ্ম কমিশনার মুস্তাফিজুর রহমানকে বেনাপোল থেকে যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারে বদলি করা হয়েছে। বদলি আদেশে বলা হয়েছে, মুস্তাফিজুর রহমানের সার্বিক কাজকর্ম সন্তোষজনক পরিলক্ষিত না হওয়ায় ‘সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো’ এর জিরো টলারেন্স নীতির আওতায় পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাকে অন্যত্র বদলি করা হয়েছে। বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মো. শত্তকাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাভাবিক নিয়মে তার বদলি হয়েছে। তবে তার স্থলে এখনো কাউকে নিয়োগ দেয়া হয়নি। বুধবার এক প্রজ্ঞাপনে তাকে বদলির আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব মো. শামসুদ্দীন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়। বেনাপোলের অধিকাংশ ব্যবসায়ীসহ সাধারণ সিঅ্যান্ডএফ এজেন্টরা তার বদলিকে জাতীয় রাজস্ব বোর্ডের সময়পোযোগী বলে উল্লেখ করেছেন। আগামী রোববার তিনি দায়িত্ব হস্তান্তর করতে পারেন বলে কাস্টমস সূত্রে জানা গেছে।  উল্লেখ্য, সম্প্রতি একটি গ্রানাইট মার্বেল স্লাবের চালানে শুল্ক ফাঁকির সঙ্গে কমিশনার মুস্তাফিজুর রহমান সরাসরি জড়িত বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠে। ওই পণ্যচালানটি শুল্ক গোয়েন্দা ও অধিদফতরের কর্মকর্তারা আটক করে প্রায় ৭০ লাখ টাকা শুল্ক ফাঁকির রহস্য উদঘাটন ও শুল্ক আদায় করে। এ ঘটনায় তাকে বদলি করা হয়েছে বলে কাস্টমসের বিভিন্ন সূত্রে জানা গেছে।   এছাড়াও তার বিরুদ্ধে আমদানিকারক ও বন্দর ব্যবহারকারীদের নানা ভাবে হয়রানি করে অতিরিক্ত শুল্ক আদায়ের অভিযোগ রয়েছে।মোঃ জামাল হোসেন/এএম/আরআইপি