দেশজুড়ে

যশোরে গোলাগুলিতে নিহত যুবকের পরিচয় মিলেছে

যশোরে শনিবার ভোরে দুইপক্ষের গোলাগুলিতে নিহত যুবকের পরিচয় মিলেছে। নিহত যুবকের নাম জাহাঙ্গীর আলম। তিনি যশোর সদরের শানতলা উত্তরপাড়া এলাকার নওশের আলীর ছেলে। যশোর-ঝিনাইদহ মহাসড়কের যশোর সদরের দৌলতদিহি এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত করেছে। এর আগে শুক্রবার ভোরেও যশোরের খোলাডাঙ্গা সার গোডাউন এলাকায় সন্ত্রাসীদের দুই পক্ষের গোলাগুলিতে শহরের ষষ্ঠীতলার বাসিন্দা হাফিজুর রহমান  নিহত হন। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, যশোর-ঝিনাইদহ মহাসড়কের দৌলতদিহি এলাকায় দুই দল ডাকাত গুলিবিনিময় করছে-এমন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, একইসঙ্গে ওই এলাকা থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করা হলে দুপুরের দিকে স্বজনরা তার নাম-পরিচয় শনাক্ত করেন। নিহতের চাচা আব্দুর রহমান জানান, জাহাঙ্গীর স্থানীয় নারিশ পোল্ট্রি ফিডে বস্তা সরবরাহের ব্যবসা করতেন। শুক্রবার রাতে একদল সাদা পোশাকধারী পুলিশ পরিচয়ে জাহাঙ্গীরকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর তারা হাসপাতাল থেকে খবর পেয়ে জাহাঙ্গীরের মরদেহ পান।যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। তার মাথার পেছনে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। ওসি ইলিয়াস হোসেন আরো জানান, নিহত জাহাঙ্গীরের নামে কোতোয়ালি থানায় ডাকাতি, খুন, অস্ত্র, ছিনতাইসহ ১৯ টি মামলা রয়েছে।মিলন রহমান/আরএআর/আরআইপি