নদীপথে চাঁদাবাজি ও ডাকাতি বন্ধসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে নৌযান ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। রোববার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত আলটিমেটাম দেন বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার। বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের আওতাধীন বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সরদার আলমগীরের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার। এসময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল ওয়াহেদ মাস্টার (প্রথম শ্রেণী), বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতা মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু মাস্টার, সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন মাস্টার, ডেমরা শাখার সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সারুলিয়া শাখার সভাপতি মুরাদ মাষ্টার, সাধারণ সম্পাদক মনির হোসেন, গাবতলী শাখার সভাপতি আব্দুল আলীম শেখ, চট্টগ্রাম শাখার প্রচার সম্পাদক আব্দুল কাদের মাষ্টার, মুন্সিগঞ্জ শাখার সভাপতি ফিরোজ আহম্মেদ, কাওতাইল শাখার কার্যকরী সভাপতি মো. মহসীন, খাদ্যপণ্য শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি ইদ্রিস খান, দর্জি শ্রমিক নেতা মোঃ ইকবাল, নূরে আলম হাওলাদার, কবির হোসেন, নাননু মিয়া, সেলিম, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন । মানববন্ধন থেকে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি শুক্কুর মাহমুদের নেতৃত্বে গতিশীল আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। সংগঠনটির দাবিগুলো হচ্ছে- নদীপথে চলন্ত নৌযান হতে মাঝ নদীতে বিআইডব্লিউটিএ’র ইজারা ও অন্যান্য নামে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার, রূপগঞ্জের সুলতানা কামাল ও কাঞ্চন ব্রিজের নিচ হতে ও ডেমরা রাজাখালী, মিরপুর, গাবতলী, বিরুলিয়া, রোস্তমপুরসহ সকল নদীপথে অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করতে হবে। নুনেরটেক, কলমিরচর, বৈদ্যেরবাজার, শম্ভুপুরা, দশানী, হরিনা ও মেঘনা নদীর বালুমহালে ইজারাদারদের নিয়ম বহির্ভূত টাকা আদায় বন্ধ করতে হবে। বালুমহাল এলাকায় নৌযান শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সন্ত্রাসীদের চাঁদাবাজি ও নির্যাতন বন্ধ করতে হবে। নৌযান ও শ্রমিকদের সনদ দেখার নামে হয়রানি বন্ধ করতে হবে। নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরির গেজেট সরকার কর্তৃক অবিলম্বে প্রকাশ ও বাস্তবায়ন করতে হবে। শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি