যশোরে দুইদল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক যুবক (৩০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া স্কুলের সামনে দুইদল সন্ত্রাসী বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে-এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এরপর সেখানেই তার মৃত্যু হয়।তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ জানান, গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার মাথার ডানপাশ গুলিবিদ্ধ হয়েছে। মিলন রহমান/এআরএ/আরআইপি