খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নিরাপদ খাদ্য প্রাপ্তি মানুষের সাংবিধানিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আইন ২০১৩ প্রণয়ন করা হয়েছে। এ আইন অতীতের আইন থেকে বেশি শক্ত ও সর্বজন স্বীকৃত। এ আইনের মাধ্যমে সরকার উৎপাদন থেকে মানুষের খাবার টেবিল পর্যন্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করতে চায়। রোববার সকালে যশোর শিল্পকলা একাডেমিতে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে জনসচেতনতা শীর্ষক খুলনা বিভাগীয় কর্মশালায় তিনি এ কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিভিন্ন সংস্থার সাহায্য নেয়া হচ্ছে। তবে আগামীতে ভ্রাম্যমাণ লাবরেটরি স্থাপনের চিন্তা করছে সরকার। এতে এ কাজটি আরো সহজ হবে। কামরুল ইসলাম বলেন, সরকার সামাজিক নিরাপত্তায় যত কর্মসূচি নিয়েছে তা পৃথিবীর কোথাও নেই। আজ আমরা অনুকরণীয়। এসব প্রকল্প বাস্তবায়নে দেশ সমৃদ্ধ হবে। আর এজন্য আবারো শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় দেখতে চায় জনগণ। বিভাগীয় কমিশনার আব্দুস সামাদের সভাপতিত্বে কর্মশালায় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ দারা এমপি, যশোর-৫ আসনের এমপি স্বপন ভট্টাচার্য্য, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুল হক প্রমুখ বক্তব্য দেন। কর্মশালায় খাদ্য বিভাগসহ বিভাগের পাঁচ শতাধিক প্রতিনিধি অংশ নেন। আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারীরা গ্রুপ ডিসকাশন করেন। এর আগে জনসচেনতা বৃদ্ধিতে যশোর কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।মিলন রহমান/আরএআর/আরআইপি