দেশজুড়ে

কক্সবাজারে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে ৫ নম্বর ওয়ার্ডে এবং সাধারণ সদস্য পদে ১২ ও ১৫ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন নির্বাচিত হয়েছেন । ৫ ও ১৫ নম্বর ওয়ার্ডে অন্য প্রার্থীরা সোমবার মনোনয়নপত্র প্রত্যাহার ও ১২ নাম্বার ওয়ার্ডের দুই প্রার্থীর একজনের মনোনয়ন রোববার বাতিল হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। কক্সবাজার জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন আশরাফ জাহান কাজল। তিনি উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহামুদুল হক চৌধুরীর স্ত্রী।সোমবার বেলা ১১টায় সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী সানজিদা বেগম, আশরাফুন্নেসা রিফা ও খোরশিদা বেগম জেলা নির্বাচন কমকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ ওয়ার্ডে আশরাফ জাহান কাজল ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় তিনি সদস্য নির্বাচিত হন। অপরদিকে, ১৫ নম্বর ওয়ার্ডের দুই প্রার্থীর মধ্যে জহির হোসেন ৫ ডিসেম্বর তার মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ শফিক মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, ১২ নম্বর ওয়ার্ডে শামসুল আলম বিনা প্রতিদ্ধন্দিতায় সদস্য নির্বাচিত হয়েছেন। তার সঙ্গে মনোনয়নপত্র জমা দেয়া অপরপ্রার্থী মুহাম্মদ মুহিব্বুল্লাহর সমর্থনকারীর স্বাক্ষর গরমিলের কারণে মনোনয়ন ৪ ডিসেম্বর বাতিল হয়। এ কারণে আর কোনো প্রার্থী না থাকায় শামশুল আলম নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন।  সায়ীদ আলমগীর/আরএআর/পিআর