দেশজুড়ে

বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দিতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি গ্রামের মৃত সাঈদুর রহমানের শেখের ছেলে মো. খালিদ শেখ (২৮) ও তার স্ত্রী সুরাইয়া বেগম (১৮)। এ ঘটনার পর থেকে মহসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে।মর্মান্তিক এ দুর্ঘটনায় ফকিরকান্দি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহত খালিদ ও সুরাইয়া বেগমের পরিবারে চলছে শোকের মাতম।নিহত খালিদের মামা হান্নান শেখ জানান, খালিদ সৌদি প্রবাসী। এক মাস আগে সে বিয়ে করার জন্য সৌদি থেকে গ্রামের বাড়িতে আসে। গত ২১ নভেম্বর খালিদ একই উপজেলার পার্শ্ববর্তী পাইকান্দি গ্রামের আনিছ খানের মেয়ে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী সুরাইয়া বেগমকে বিয়ে করে। সরকারি বঙ্গবন্ধু কলেজে সুরাইয়ার  অর্ধ বার্ষিক পরীক্ষা চলছে। মঙ্গলবার দুপুরে কলেজের পরীক্ষা শেষ করে সুরাইয়া স্বামী মো. খালিদ শেখের সঙ্গে মোটরসাইকেলে করে ফকিরকান্দি গ্রামের বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে তাদের মোটরসাইকেলকে চাপা দেয় নাজিরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যায়।  বাসটি তাদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সেলিম রেজা স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ঘটনার এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।এস এম হুমায়ূন কবীর/আরএআর/আরআইপি