দেশজুড়ে

চৌগাছায় রাজমিস্ত্রিকে শ্বাসরোধে হত্যা

যশোরের চৌগাছায় হোসেন আলী (৫০) নামে এক রাজমিস্ত্রিকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হোসেন আলী দক্ষিণ কয়ারপাড়া গ্রামের রজব আলীর ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কৃষকরা দক্ষিণ কয়ারপাড়া গ্রামের একটি মেহগনি বাগানে হোসেন আলীর মরদেহ দেখতে পান। তার গলায় গামছা পেঁচানো ও হাত-পা বাঁধা ছিল। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে।চৌগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান জানান, দুপুর ১২টার দিকে দক্ষিণ কয়ারপাড়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে হোসেন আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ তা এখনও নিশ্চিত হতে পারেনি।  মিলন রহমান/আরএআর/জেআই