নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আইভী বুঝে গেছেন তার পায়ের তলায় মাটি নেই। জনগণ তাকে আর ভোট দেবে না। সোমবার সকাল থেকে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। সাখাওয়াত বলেন, বিগত দিনে আইভী কোনো সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেননি, কথা বলেছেন একটি পরিবারের বিরুদ্ধে। আমি সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছি। আমি ওই পরিবারের অত্যাচার অপরাধের বিরুদ্ধেও কথা বলেছি। এখন আইভী কার সঙ্গে হাত মিলিয়েছেন সেই বিচারটা জনগণের ওপর ছেড়ে দিলাম। আমি সন্ত্রাস নির্মূল করবো। তিনি বলেন, আইভী নিজেই বলেছেন তিনি গ্যাস, পানিসহ অনেক রাস্তাঘাটের কাজ করতে পারেননি। ১৩ বছর এসব কাজ করতে না পারাটা ব্যর্থতা। আমাকে মানুষ পাঁচ বছর সময় দিলে সন্ত্রাস নির্মূল করবো। সাখাওয়াত বলেন, ‘আমাদের পরিবার এ শহরে ১৫০ বছর ধরে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত। আমার শিক্ষাজীবন এখানে কেটেছে। আমি আমার ২৫ বছরের পেশাজীবনে এ নারায়ণগঞ্জের মানুষের সঙ্গেই ছিলাম। উনি (আইভী) নিউজিল্যান্ডের নাগরিক ছিলেন। ২০০৩ সালে নির্বাচনের জন্য নাগরিকত্ব ছেড়ে এখানে এসেছেন। উনার স্বামী নিউজিল্যান্ডের নাগরিক।’ গণসংযোগকালে তার সঙ্গে বিএনপি নেতা তাবিথ আওয়াল, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু প্রমুখ উপস্থিত ছিলেন। মো: শাহাদাত হোসেন/আরএআর/পিআর