বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক বলেছেন, আওয়ামী লীগ যার হাতে এখন নৌকাটা তুল দিয়েছে প্রকৃতপক্ষে তিনিই ভাড়াটিয়া। কারণ উনি (আইভী) নমিনেশন পাননি। উনাকে প্রধানমন্ত্রী নমিনেশন দিয়েছেন। আওয়ামী লীগ নমিনেশন দেয়নি। ‘বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত ভাড়াটিয়া প্রার্থী’ আইভীর এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সোমবার সিদ্ধিরগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়নাল আবদীন ফারুক এ কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় নেতারা সাখাওয়াত হোসেন খানকে সঙ্গে নিয়ে সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত প্রচারণা চালান।এ সময় সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে নমিনেশন দিয়েছে নারায়ণগঞ্জের ২৭টি ওয়ার্ডের তৃণমূলের মতামতের ভিত্তিতে। নারায়ণগঞ্জের আওয়ামী লীগ ২৭টি ওয়ার্ড থেকে তিনজন প্রার্থীকে মনোনীত করে কেন্দ্রে পাঠিয়েছিল। ওই তালিকায় আইভীর নাম ছিল না। তৃণমূল আইভীকে সমর্থন দেয়নি। তিনি বলেন, কেন্দ্র আইভীকে নারায়ণগঞ্জে নৌকার প্রার্থী হিসেবে চাপিয়ে দিয়েছে। সুতরাং আমি মনে করি নারায়ণগঞ্জের আওয়ামী লীগ এবং বিএনপি একাকার হয়েছে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য। সুষ্ঠু নির্বাচন হলে ৬০-৭০ ভাগ ভোট ধানের শীষ প্রতীক পাবে। হোসেন চিশতী সিপলু/আরএআর/পিআর