অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে গাজীপুরের টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তিতে রিকশা গ্যারেজ, ঝুটের গুদাম, বসতঘর, দোকান-পাটসহ এক মিনি পোশাক কারখানা পুড়ে গেছে। এসময় অন্তত পাঁচজন আহত হয়েছেন।মঙ্গলবার ভোররাতে রিকশার গ্যারেজ থেকে এই আগুনের সূত্রপাত হয়। টঙ্গী ও উত্তরার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় সোয়া দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে। এসময় আগুন নেভাতে গিয়ে অন্তত পাচজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. রাশেদুল ইসলাম জানান, গ্যারেজে চার্জ দেয়ার সময় অটোরিকশা ব্যাটারি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন নেভাতে গিয়ে তিনিসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। তবে কেউ দগ্ধ হননি। আগুনে গ্যারেজসহ কয়েকটি বসতঘর, দোকান-পাট, ঝুটের গুদাম পুড়ে গেছে। টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সেলিম মিয়া স্থানীয়দের বরাত দিয়ে জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে নূরু মিয়ার অটোরিকশার গ্যারেজে ব্যাটারি চার্জ দেয়ার সময় আগুনের সূত্রপাত হয় এবং প্রথমে পাশের ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা প্রায় সোয়া দুই ঘণ্টা কাজ করার পর মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গ্যারেজের পাশে থাকা চারটি ঝুটের গুদাম, একটি মিনি পোশাক কারখানা, পাঁচটি ছোট বসতঘরসহ দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়-ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।আমিনুল ইসলাম/এআরএ/পিআর