পুঁজিবাজারের টেকসই উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে নানান উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাজার সংশ্লিষ্ট অংশীজনদের মাসিক সমন্বয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে ৬ষ্ঠ এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুঁজিবাজারের বিদ্যমান চ্যালেঞ্জ, সংস্কার উদ্যোগ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এতে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। উপস্থিত ছিলেন কমিশনের অন্যান্য সদস্য, বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা।
সভায় দেশের পুঁজিবাজারকে ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে উন্নীত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। এ লক্ষ্যে ই-কেওয়াইসি বাস্তবায়ন, কমোডিটি এক্সচেঞ্জ চালু, নতুন পণ্য সংযোজন ও পণ্য বৈচিত্র্য বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়।
একই সঙ্গে বাজারে প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদার, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানো এবং বড় পাবলিক ইন্টারেস্ট কোম্পানিকে নির্দিষ্ট মানদণ্ডে তালিকাভুক্ত করার বিষয়েও আলোচনা হয়।
আরও পড়ুনসরকারি খরচে বিদেশ ভ্রমণ বন্ধ, যানবাহন কেনায় কড়াকড়ি মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ
বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে ইনভেস্টর প্রটেকশন ফান্ডের কার্যকারিতা বাড়ানো, প্রাইস সেনসেটিভ ইনফরমেশনের (পিএসআই) যথার্থতা নিশ্চিত করা, বাজারে কারসাজি ও অনিয়ম প্রতিরোধ এবং নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড ক্ষতির সমাধান নিয়েও মতবিনিময় হয়। পাশাপাশি আধুনিক ও নির্ভুল ব্যাক-অফিস সফটওয়্যার বাস্তবায়ন এবং বিনিয়োগ শিক্ষা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, মার্জিন বিধিমালা, ২০২৫; মিউচুয়াল ফান্ড বিধিমালা, ২০২৫ এবং পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫- এই তিন বিধিমালার মাধ্যমে পুঁজিবাজারের আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন হয়েছে।
তিনি জানান, করপোরেট গভর্ন্যান্স সংক্রান্ত নতুন বিধিমালাও শিগগির প্রণয়ন করা হবে। দেশের বৃহৎ পাবলিক ইন্টারেস্ট কোম্পানিগুলোকে সরাসরি পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে কমিশন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
সভায় সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান মজুমদারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে, পুঁজিবাজারের স্থিতিশীলতা, স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের সমন্বয় সভা আয়োজন করা হবে।
এমএএস/কেএসআর