দেশজুড়ে

গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৬

গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে এক নারীসহ ৬ যাত্রী নিহত ও আরো অন্তত ছয় যাত্রী আহত হয়েছেন। শনিবার সকাল পৌনে সাতটার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের আউটপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, শেরপুরের নালিতাবাড়ি থানার ভূরুঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. উকিল মিয়া (৪৫), সুনামগঞ্জের সালনা থানার গোবিন্দপুর গ্রামের তুলসি দাসের ছেলে প্রাণনাথ দাস (৩৮), তার চাচাতো ভাই একই এলাকার ইন্দ্রজিৎ দাসের ছেলে বকুল চন্দ্র দাস (৩৫) ও জামালপুরের বকসিগঞ্জ থানার নিলইক্ষা গ্রামের বাবুল মিয়ার স্ত্রী আমেনা বেগম (৪৫)। এছাড়া আহতরা হলেন, নূর মোহাম্মদ (৩৫), বাবুল (৩৫), হাবিবুল্লাহ (৩৮), নজরুল হোসেন (১৮), আশিকুল ইসলাম (৪২) ও নাজমুল হক (৪০)।আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বিভিন্ন কারখানার শ্রমিক কর্মচারী।নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন ও স্থানীয়রা জানায়, সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে চান্দনা চৌরাস্তাগামী একটি লেগুনা যাত্রী নিয়ে আউটপাড়া এলাকার ভাওয়াল বন্দরে আলম সরকারি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় এক নারী ও লেগুনা চালকসহ ৬ জন নিহত ও অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন।আমিনুল ইসলাম/এফএ/এমএস