সালতামামি

টাম্পাকো দুর্ঘটনা ও পাতারটেক জঙ্গি অভিযানে দেশবাসীর দৃষ্টি

ঘটনা আর দুর্ঘটনার মধ্যদিয়ে ঘটনা বহুল ২০১৬ সাল পার করেছে গাজীপুরবাসী। জেলার সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ১০ সেপ্টেম্বর টঙ্গীতে টাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড। এতে ৩৯ জন নিহত ও অর্ধ-শতাধিক শ্রমিক আহত হয়। এ ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়। গঠন করা হয় পাঁচটি পৃথক তদন্ত কমিটি। সেনাবাহিনীর সহায়তায় এক মাস ধরে চলে উদ্ধার অভিযান।একই বছরের ৮ অক্টোবর গাজীপুর সিটি কর্পোরেশনের পাতারটেক ও হাড়িনাল এলাকায় পুলিশ ও র্যাবের পৃথক অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। ২০১৬ সালের শুরুতে ২৩ জানুয়ারি গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইলে স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের বয়লার বিস্ফোরণে পথচারীসহ পাঁচজন নিহত হয়। ২ ফেব্রুয়ারি গাজীপুর সিটি কর্পোরেশনের সাইনবোর্ড এলাকায় মেট্রিক্স পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। একই বছর ২ অক্টোবর গাজীপুরের সফিপুরস্থ দেশের খ্যাতনামা যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা স্পিনিং কারখানায় ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট টানা ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ৪ এপ্রিল সিটি কর্পোরেশনের কাথোরা এলাকায় ডাকাতের গুলিতে নিহত হন এক মুক্তিযোদ্ধা। ২৫ এপ্রিল কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামেন অবসরপ্রাপ্ত এক কারারক্ষীকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়।১৪ মে সিটি কর্পোরেশনের হায়দরাবাদের সুকুন্দিরবাগ এলাকায় হায়দরাবাদ স্কুল অ্যান্ড কলেজের সামনে গভীর নলকূপের গর্তে পড়ে রোমানুর রহমান নামে এক নার্সারির স্কুলছাত্র নিহত হয়।মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় ৩ সেপ্টেম্বর কার্যকর করা হয় গাজীপুরের কাশিমপুর কারাগারে।১৯ সেপ্টেম্বর গাজীপুর সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের সরকার দলীয় সমর্থক কাউন্সিলর সোলায়মান মিয়ার বিরুদ্ধে তার স্ত্রী নুশরাত জাহান টুম্পাকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় টুম্পার বাবা মো. নজরুল ইসলাম নিহত টুম্পার স্বামী সোলায়মান মিয়াকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়।২৭ সেপ্টেম্বর সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ ইন্তেকাল করেন। ৩০ সেপ্টেম্বর তাকে তার নিজ বাড়ি কাপাসিয়ায় দাফন করা হয়।আমিনুল ইসলাম/এআরএ/এমএস