যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী ৯ জানুয়ারির নির্বাচন স্থগিত করে চার মাস সময় বর্ধিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ঈশিতা রনি বিষয়টি অবহিত করে যশোর জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন। চিঠিতে চেম্বারের প্রশাসক হিসেবে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসাদুল হককে দায়িত্ব দেয়া হয়েছে। আগে এই দায়িত্ব পালন করছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবিনা ইয়াসমিন। তিনি সম্প্রতি যশোর থেকে বদলি হয়েছেন।যশোর চেম্বার অব কমার্সের নির্বাচন বোর্ডের আহবায়ক যুব উন্নয়ন অধিদফতর যশোরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহাবুব জানান, চেম্বারের প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এবং নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল হাসান পদোন্নতি পেয়ে যশোর থেকে চলে গেছেন গত ডিসেম্বর মাসে। যে কারণে গুরুত্বপূর্ণ দুইটি পদ শূন্য অবস্থায় পড়ে রয়েছে। এতে করে আমরা নির্বাচন পরিচালনার জন্য ব্যয় বহন করতে পারছি না। আবার আপিল বোর্ডের চেয়ারম্যান না থাকায় প্রার্থীরা আপিলও করতে পারছেন না। এই অনিশ্চয়তায় ৩ ডিসেম্বর জেলা প্রশাসক ড. হুমায়ূন কবীর নির্বাচন পেঁছানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেন।এরই প্রেক্ষিতে নির্বাচন স্থগিত করে চার মাস সময় বর্ধিত করা হলো। এ সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার তাগিদ দেয়া হয়।মিলন রহমান/এআরএ/এমএস