কক্সবাজারের রামুর রাজারকুল ইউনিয়নে ছাগলিয়াকাটার সমাজ সর্দারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রামু থানায় এজাহার দায়ের করা হয়েছে। আহতের নাম মতিউর রহমান (৪৫)। তিনি রাজারকুল ছাগলিয়াকাটা গ্রামের আমির হামজার ছেলে ও সমাজ সর্দার।মতিউর রহমানের স্ত্রী খুরশিদা বেগম জানান, বাড়ির পার্শ্ববর্তী বাগানে চরাতে দেয়া কয়েকটি ছাগল রাত পর্যন্ত ফিরে না আসায় খুঁজতে যান মতিউর। এসময় সেখানে ওঁৎ পেতে থাকা স্থানীয় মনির আহম্মদের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীর ওপর হামলা চালায়। এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে গেলে হামালাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে রক্তাক্ত মতিউরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, হামলাকারী মনির আহম্মদ, নুরুল আবছার, তাজ আহম্মদ, ফয়েজ আহম্মদ (বাঁচা মিয়া) সঙ্গে মতিউর রহমানের দীর্ঘ বিরোধ চলে আসছিল। এর জের ধরেই হামলার ঘটনা ঘটেছে বলে মনে করছেন তিনি।রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামলার ঘটনায় অভিযোগ দেয়া হয়েছে। অভিযুক্তদের আটকে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। সায়ীদ আলমগীর/এআরএ/পিআর