দেশজুড়ে

সোনারগাঁয়ে অন্তঃসত্ত্বাকে নির্যাতনের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শারীরিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে শ্বশুর, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। বুধবার সোনারগাঁ পৌরসভার উত্তর ষোলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ওই গৃহবধূ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। নির্যাতিত গৃহবধূ লিলি আক্তার বাদী হয়ে বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।  অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের মনারবাগ গ্রামের মৃত সৈয়দ আলীর মেয়ে লিলি আক্তারের সঙ্গে সোনারগাঁ পৌর এলাকার উত্তর ষোলপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে সৌদি প্রবাসী হাসানের ২০১১ সালের এপ্রিল মাসে বিয়ে হয়।সংসার জীবনে তাদের দুই সন্তান রয়েছে। বর্তমানে তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের দুই বছর পর থেকে গৃহবধূ লিলি আক্তারকে কারণে অকারণে শারীরিকভাবে নির্যাতন করেন শ্বশুর বাড়ির লোকজন।বুধবার সকালে স্বামী অসুস্থ থাকার কারণে শাশুড়ির সঙ্গে গৃহবধূ লিলি আক্তারের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে শ্বশুর আবুল হাসেম, শাশুড়ি আকলিমা বেগম ও ননদ লাবনী জোসনা গৃহবধূকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের বলেন, এ ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।  শাহাদাত হোসেন/এএম/এমএস