কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের ফদনারডেইল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৭ বসতবাড়ি ও তিনটি মুদি দোকান পুড়ে গেছে। এতে নগদ টাকাসহ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক মহিলা স্ট্রোক করে মারা গেছেন। তিনি ওই এলাকার মো. ছালেকের স্ত্রী হোসনে আরা (৪৫)। স্থানীয় কাউন্সিলর আকতার কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, ওই এলাকার ইমাম হোসেনের স্ত্রী শারমিন আকতারের মালিকানাধীন ভাড়াবাড়ির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তেই তা চারিদিকে ছড়িয়ে পড়ে। বিকেলে ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত আগুন জ্বলে। ফায়ার সার্ভিস দলসহ সাধারণ লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হোসনে আরার ভাসুর মো. হারুন সওদাগর জানান, আগুনে সর্বস্ব পুড়ে যাওয়ার শোক সইতে না পেরে হোসনে আরা স্ট্রোক করেন। এরপর তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আবদুর রহমান, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরীসহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তা। তারা ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সায়ীদ আলমগীর/এআরএ/এমএস