কক্সবাজারের উখিয়ায় মাদকসহ চারজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিয়ার, গাঁজা ও চোলাই মদ জব্দ করা হয়েছে। এছাড়াও গাড়ি তল্লাশি করে চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার দিনভর পৃথক এসব অভিয়ান চালানো হয়। সূত্র জানায়, কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং বুড়ির ঘর নামক এলাকায় ডিবি পুলিশ যাত্রীবাহী সিএনজি তল্লাশি চালিয়ে ১০ ক্যান বিয়ারসহ দুইজনকে আটক করেছে। মঙ্গলবার সকালে অভিযানে আটকরা হলো, উখিয়ার রাজাপালং ইউনিয়নের খয়রাতি পাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে হোছন আলী (৩২) ও পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজার এলাকার মৃত নুরুল আলমের স্ত্রী রহিমা খাতুন (৩০)। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ও ডিউটি অফিসার বিষ্ণু বিষয়টি স্বীকার করেছেন। এদিকে, উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাজা ও ৪৮ লিটার চোলাই মদসহ হলদিয়াপালং ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার মৃত মিয়া হোছনের ছেলে মো. সালাম (৪৫) ও একই গ্রামের মৃত ফরিদ আহমদের ছেলে জসিম উদ্দিনকে (৩২) আটক করেছে। মঙ্গলবার ভোররাতে থানা পুলিশের উপ-পরিদর্শক মশিউর রহমানের নেতৃত্বে মৌলভীপাড়া থেকে তাদের আটক করে এবং দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।আটকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তাদের কারণে এলাকায় চুরি ও অপরাধ বেড়ে গেছে। অন্যদিকে, কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি জোয়ানরা যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বার্মিজ চোরাইপণ্য জব্দ করেছে। মরিচ্যা যৌথ চেকপোস্টের নায়েব সুবেদার সাদেক আলী জানান, মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ২০০ প্যাকেট চিপস ক্যান্ডি জব্দ করা হয়। এর বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা। মালামালগুলো বালুখালীস্থ শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। সায়ীদ আলমগীর/এআরএ/এমএস