গাজীপুরের কালীগঞ্জে দেড় বছরের কন্যা সন্তানকে হত্যার অভিযোগে সাদ্দাম হোসেন (২৭) নামের এক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার নিহত শিশুর মা রাজিয়া খাতুন (২৩) বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা ও উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মাওলা।মামলার প্রেক্ষিতে শনিবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের তেরমুখ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাদ্দাম উপজেলার পানজোড়া গ্রামের মোহাম্মদ আলেকের ছেলে। পরে দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়। মামলার বাদী ও নিহত শিশুর মা রাজিয়া খাতুন বলেন, বছরে তিনেক আগে পারিবারিকভাবে সাদ্দামের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকে সংসারে অশান্তি লেগেছিল। মাঝে মাঝে সাদ্দাম আমাকে শারীরিক নির্যাতন করতো। এরই মধ্যে একটি কন্যা সন্তানের জন্ম হয়। সন্তান জম্মের পর স্বামীর নির্যাতনের ভয়াবহতা আরও বেড়ে যায়। কিন্তু সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে মুখ বুঝে সব সহ্য করি। তিনি আরও বলেন, গত ১৭ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে মেয়েকে বাইরে নিয়ে যায় সাদ্দাম। পরেরদিন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমার শ্বশুর বাড়ির জঙ্গল থেকে মরিয়মকে উদ্ধার করা হয়। পরে টঙ্গীর একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পর থেকে সাদ্দাম পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার তাকে গ্রেফতার করে গাজীপুর আদালতে পাঠানো হয়। আব্দুর রহমান আরমান/এএম/আরআইপি