মানবিক কারণে বিনা শুল্কে রোববার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তৃতীয় দফায় চাল নিয়ে যাবে ভারত। শনিবার দুপুরে প্রায় ৯৩৭ মেট্রিক টন চাল নিয়ে ভারতীয় জেড শিপিং লাইন্সে`র জাহাজ এমভি নিউ টেক-৬ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌঁছেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতের ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে ৩৫ হাজার মেট্রিক টন চাল পরিবহনের জন্য ভারত বাংলাদেশ সরকারকে অনুরোধ করে এবং সুবিধাজনক স্থান হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ-বন্দর ও আশুগঞ্জ-আখাউড়া সড়কপথ ব্যবহার করতে চায়। বাংলাদেশ দু’দেশের মধ্যে বিদ্যমান নৌপ্রটোকল চুক্তির আওতায় মানবিক কারণে বাংলাদেশের ভূ-খন্ড ব্যবহার করে ভারতকে চাল পরিবহনের অনুমতি দেয়।এই চাল পরিবহনে কোন শুল্ক না নেয়া হলেও প্রতি মেট্রিক টন চালে ৩০ টাকা করে ল্যান্ডিং চার্জ এবং নৌবন্দরে জাহাজ অবস্থানের জন্য দৈনিক ১৬০ টাকা করে বার্থিং চার্জ নেয়া হবে।আশুগঞ্জ নৌবন্দরের পরিবহন পরিদর্শক মোঃ শাহ আলম জানান, ভারতীয় প্রায় ৯৩৭ মেট্রিক টন চাল নিয়ে একটি জাহাজ শনিবার দুপুরে আশুগঞ্জ নৌবন্দরে পৌঁছেছে। কাষ্টমসসহ পরিবহন ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে রোববার থেকে ট্রাকে করে সড়ক পথে এ চাল পরিবহন শুরু হবে।এর আগে গত বছরের আগষ্ট ও অক্টোবর মাসে দ্বিতীয় দফায় ১০ হাজার মেট্রিক টন চাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলা নিয়ে যায় ভারত সরকার।এমজেড/আরআই