কুমিল্লায় ১৫ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন অপসারণ করা হয়েছে। বুধবার দিনভর জেলার সদর দক্ষিণ উপজেলার বামিসা এলাকায় অভিযান চালিয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সংযোগ বিচ্ছিন্নকারী দল এসব অবৈধ গ্যাস লাইন অপসারণ করে। বুধবার সন্ধ্যায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা নাইমুল আলম খাঁন বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলার বামিসা এলাকায় সরকার দলীয় নেতাদের যোগসাজশে একটি সিন্ডিকেট বাখরাবাদের নিজস্ব পাইপ লাইন থেকে প্রায় ১৫ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন স্থাপন করে। বিষয়টি নিয়ে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রেজাউল ইসলাম খান দফায় দফায় কোম্পানির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে ওই অবৈধ গ্যাস লাইনটি অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার সকাল থেকে বিপুল সংখ্যক র্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে বামিসা এলাকায় অভিযান শুরু করা হয়। সন্ধ্যা পর্যন্ত ওই এলাকার ১৫ কিলোমিটার অবৈধ লাইন অপসারণ করা হয়। এ বিষয়ে বাখরাবাদের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রেজাউল ইসলাম খান বলেন, বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে বাখরাবাদ গ্যাসের নিজস্ব পাইপ লাইন থেকে একটি সিন্ডিকেট অবৈধভাবে গ্যাস লুটে নিচ্ছিল। বুধবার ১৫ কিলোমিটার সংযোগ অপসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম