নতুনভাবে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়ার ক্ষেত্রে বয়স ন্যূনতম ১৩ বছর নির্ধারণ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের চেয়ারম্যান, গাজীপুর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বুধবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।ইউনূস আলী আকন্দ জানান, গত ১০ নভেম্বর মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও বয়স নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। ওই ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গাজীপুরের তিন মুক্তিযোদ্ধা এইচ এম কামরুজ্জামান, মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার ও শেখ আজিজুল হক মঙ্গলবার হাইকার্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন। ওই রিটের শুনানিতে এ আদেশ দেন আদালত। প্রজ্ঞাপনের ২নং ধারায় বলা হয়েছে, মুক্তিযোদ্ধা হিসেবে নতুন অন্তর্ভুক্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার বয়স ১৯৭১ সালের ২৬ মার্চ ন্যূনতম ১৩ বছর হতে হবে। কিন্তু এর আগে বহুলোক ৪ থেকে ৫ বছর বয়সেও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এখন দাবি উঠছে, নতুন করে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়ার ক্ষেত্রে ১৩ বছর বাতিল করে কমপক্ষে ১৫ বছর করতে হবে। এফএইচ/এএইচ/জেআইএম