দেশজুড়ে

কুমিল্লায় ৬ জনের মনোনয়নপত্র দাখিল

কুমিল্লা আদর্শ সদর, চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা এসব মনোনয়নপত্র দাখিল করেন।   জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আদর্শ সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. আমিনুল ইসলাম টুটুল, বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী ওবায়দুল কবীর মোহন ও স্বতন্ত্র প্রার্থী জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এ কে এম এমদাদুল হক মামুন। অপরদিকে, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে রেলমন্ত্রী মুজিবুল হকের ভাতিজা ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবিএম এ বাহার এবং সদর দক্ষিণে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদা আক্তার মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ৬ মার্চ ৩টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণে ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকায় তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হলে এ দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।  মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম