নারায়ণগঞ্জের আলোচিত ৫ খুন মামলায় দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আসামিপক্ষের আইনজীবী জেরা করেছেন। তারা দুইজন আসামি ও সাক্ষীদের দেয়া জবানবন্দি গ্রহণ করেছিলেন। রাষ্ট্রপক্ষ থেকে নিয়োগ দেয়া আসামিপক্ষের আইনজীবী সাবেক পিপি সুলতানুজ্জান মঙ্গলবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত দুই ম্যাজিস্ট্রেটকে জেরা করেন। নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. ওয়াজেদ আলী খোকন বিষয়টি নিশ্চিত করে জানান, আলোচিত এ হত্যাকাণ্ডের আসামি যুবক মাহফুজ। ঘটনার পর পুলিশ তাকে গ্রেফতার করে গত বছরের ২০ জানুয়ারি আদালতে হাজির করেন। এসময় আসামি মাহফুজ দোষ স্বীকার করে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে জবানবন্দি দেয়। একই দিন পাঁচজন সাক্ষীর জবানবন্দি ১৬৪ ধারায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম শফিকুল ইসলাম গ্রহণ করেন। কিভাবে তারা আসামি ও সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেছেন তার ওপর জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবী। পিপি আরও বলেন, আদালত জেরা শেষে তাৎক্ষণিকভাবে মামলার পরবর্তী তারিখ ঘোষণা করেনি। আলোচিত এ মামলায় মোট ৩০ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।উল্লেখ্য, গত বছরের ১৫ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল খানকা মোড় এলাকায় ‘আশেক আলী ভিলা’ নামের একটি বাড়ির নিচ তলার ফ্ল্যাটে একই পরিবারের পাঁচজনকে হত্যা করে মাহফুজ। মামীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জের ধরে একাই একে একে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মাহফুজ আদালতে দোষ স্বীকার করে। নিহতরা হলো, তাসলিমা আক্তার (৪০) তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), ভাই মোরশেদুল (২৫) এবং তার জা লামিয়া (২৫)।শাহাদৎ হোসেন/এআরএ/পিআর