যশোরের চৌগাছার ফেনসিডিল মামলায় দুই মাদক বিক্রেতাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অপর দুইজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে।সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, যশোর সদরের ভায়না গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে জাহাঙ্গীর আলম ও বরিশালের গৌরনদীর মুনছুর আলী সদারের ছেলে সেন্টু সরদার। বুধবার বিকেলে স্পেশাল জজ (জেলা জজ) ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ সাজা দেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেছেন স্পেশাল পিপি এসএম বদরুজ্জামান পলাশ।মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০০২ সালের ৩ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বেনাপোল চৌগাছার সিংহঝুলি গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালায়। এ সময় জাহাঙ্গীর আলম ও সেন্টুকে আটক করা হয়। ঘর তল্লাশি করে বোতল ও কন্টিনারের ১৭ লিটার ফেনসিডিল, ২৫টি ফেনসিডিলের বোতলের লেবেল উদ্ধার করা হয়। এ সময় পালিয়ে যায় আব্দুর রাজ্জাক ও মিন্টু। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বেনাপোল সার্কেলের পরিদর্শক জিএম নাসিরুজ্জামান বাদী হয়ে ওই চারজনকে আসামি করে চৌগাছা থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২৫ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বেনাপোল সার্কেলের উপ-পরিদর্শক হুমায়ুন কবির ঘটনার সাথে জড়িত থাকায় ওই ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আসামি জাহাঙ্গীর আলম ও সেন্টুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।মিলন রহমান/এএম/জেআইএম