দেশজুড়ে

দেশের প্রতিটি উপজেলায় মাল্টিমিডিয়া ল্যাব স্থাপিত হবে

ভারত সরকারের অর্থায়নে দেশের প্রতিটি উপজেলা সদরে একটি করে মাল্টিমিডিয়া ল্যাব স্থাপনের ঘোষণা দিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশ সফরকালে শুভেচ্ছা উপহার হিসেবে অকৃত্রিম বন্ধু রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছেন শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান। তিনি বলেন, কেউ বেড়াতে গেলে কিছু উপহার সামগ্রী নিয়ে যেতে হয়। তাই ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে ভারত সরকারের অর্থায়নে বাংলাদেশের প্রতিটি উপজেলা সদরে একটি করে মাল্টিমিডিয়া ল্যাব স্থাপন সংক্রান্ত শুভেচ্ছা উপহারের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় কিছুটা সম্মতিও মিলেছে। গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে আয়োজিত ‘শিক্ষার গুণগতমান অর্জনে তথ্য প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি পালের সভাপতিত্বে আয়োজিত সভায় শিক্ষা সচিব আরো বলেন, সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নে শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের লক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সহায়তায় শিক্ষা মন্ত্রণালয় দেশের প্রায় ২৩ হাজার ৫শ’ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। আইসিটি মন্ত্রণালয় থেকে দেশে এ পর্যন্ত প্রায় ২ হাজার মাল্টিমিডিয়া ল্যাব স্থাপন করা হয়েছে। আরো ৩ হাজার মাল্টিমিডিয়া ল্যাব স্থাপনের প্রক্রিয়া চলছে। ২০১১ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার শিক্ষককে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ডিজিটাল কনটেন্ট বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মাল্টিমিডিয়া ক্লাসরুমগুলোর কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে চালু রাখার উদ্দেশ্যে প্রয়োজনীয় তদারকি ও সহায়তা প্রদানের জন্য ইতিমধ্যে মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। মতবিনিময় সভা শেষে টিচার্স ট্রেনিং কলেজ আয়োজিত গত ৩১ মার্চ থেকে চার দিনব্যাপী ‘ই-প্রশিক্ষণ রূপরেখা ও ই-লার্নিং কনটেন্ট তৈরী’ বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা সচিব এর আগে ও পরে তিনি কুমিল্লার ৭টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কুণ্ড গোপীদাস, এটিআই প্রকল্পের উপদেষ্টা মো. ফারুক আহমেদ, প্রফেসর কবির আহমেদ, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সানাউল হক, কুমিল্লা সরকারি  টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ প্রফেসর গোলাম ফারুক। এমজেড/পিআর