দেশজুড়ে

কক্সবাজারে মাইক্রোবাসচাপায় শিক্ষার্থী নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও কালিরছড়া বাজার এলাকায় রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসচাপায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।  নিহত শিক্ষার্থী আরজিনা আক্তার (১১) স্থানীয় শিয়াপাড়ার সুলতান আহমদের মেয়ে ও কালিরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।প্রত্যক্ষ্যদশীরা জানায়, মহাসড়কের পশ্চিমপাশের স্কুল থেকে বাড়ির উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিল আরজিনা। এ সময় দ্রুতগামী মাইক্রোবাস (চট্টমেট্রো-চ-১১-৪৬৬৫) তাকে চাপা দিলে হটনাস্থলেই মারা যায় সে। দুর্ঘটনার পর ঘাতক গাড়িচালক ও সহকারী পালিয়ে যায়। ঘটনার পর উত্তেজিত জনতা ও শিক্ষার্থীরা সড়কের ওপর বেঞ্চ বসিয়ে অবরোধ করে রাখে। এতে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি-তদন্ত) মো. খায়রুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতিতে উত্তেজিত লোকজন ব্যারিকেট তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়ে যায়। ঘাতক মাইক্রোটি পুলিশ হেফাজতে রয়েছে।সায়ীদ আলমগীর/এএম/আরআইপি