গাজীপুরের শ্রীপুর থানার একটি হত্যা মামলায় এক ডাকাতকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। রোববার বেলা আড়াইটার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার কাঠালবাড়ি ভোগরা বাজার এলাকার মো. মোক্তার হোসেনের ছেলে মো. রুবেল শামা (২৬)। গাজীপুর জজ কোর্টের পিপি অ্যাড. হারিছ উদ্দিন আহম্মেদ জানান, ২০১২ সালের ৮ নভেম্বর শ্রীপুর থানার ভাংনাহাটি গ্রামে আব্দুস সোবহানের বাড়িতে আসামিরা ডাকাতি করতে যান। এ সময় ডাকাতরা আব্দুস ছোবহানের ভাতিজা মোস্তফা কামালের গলায় ছোরা ধরলে তার ছেলে চিৎকার শুরু করে। এতে আশ পাশের লোকজন জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করলে আতঙ্ক সৃষ্টি করতে ককটের বিস্ফোরণ ঘটায় ডাকাতরা। পরে ককটেলের বিকট শব্দে মোস্তফা কামাল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ডাকাতদের হামলায় আব্দুস সোবহানের বড় ভাই সিদ্দিকুর রহমান আহত হয়। এ ঘটনায় শ্রীপুর থানায় নিহতের চাচা মো. আবদুস সোবাহান বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানা পুলিশের এসআই অচিন্ত দেবনাথ ২০১৩ সালে ১৯ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর আদালতে এ মামলার অভিযোগপত্র গঠন করে মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। দীর্ঘ শুনানি শেষে রোববার আদালত এ রায় প্রদান করেন।মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি অ্যাড. হারিছ উদ্দিন আহম্মেদ এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. মো. শরিফুল আলম।মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি