দেশজুড়ে

কুমিল্লায় অস্ত্রসহ সন্ত্রাসী চশমা রুবেল গ্রেফতার

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে পিস্তলসহ সন্ত্রাসী চশমা রুবেলকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ কে এম মনজুর আলমের নেতৃত্বে জেলা গোয়ান্দা শাখা এ অভিযান চালায়। অভিযানে আরও অংশ নেন ডিবির এসআই নজরুল ইসলাম সঙ্গীয় এসআই শাহ কামাল আকন্দ পিপিএম ও শহিদুল ইসলাম পিপিএম, এএসআই নন্দন চন্দ্র সরকার। ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসী রুবেলকে সদর উপজেলার বালুতোপা এলাকা থেকে একটি ৭.৬৫ পিস্তল ও ০২ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। রুবেল একই থানাধীন কাটাবিল এলাকার আবদুল মজিদের ছেলে। স্থানীয়রা জানান, সন্ত্রাসী রুবেল দীর্ঘদিন ধরে তার বাহিনীর সদস্যদের নিয়ে এলাকায় ছিনতাই ও চাঁদাবাজিতে লিপ্ত ছিল। তার গ্রেফতারের খবরে এলাকার লোকজনের মাঝে স্বস্তি নেমে এসেছে। ডিবির ওসি একেএম মঞ্জুর আলম জানান, রুবেলের বিরুদ্ধে থানায় হত্যা, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এ বিষয়ে রাতে কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। মো. কামাল উদ্দিন/জেএইচ