দেশজুড়ে

মিষ্টি নিয়ে এমপির বাসায় মেয়র প্রার্থী সীমা

কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা সদর আসনের এমপি হাজি আ ক ম বাহা উদ্দিন বাহারের সঙ্গে সাক্ষাৎ করে দোয়া চাইলেন। উভয় পরিবারে দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা থাকলেও তার এই আকস্মিক সাক্ষাৎ নিয়ে নগরজুরে ব্যাপক কৌতুলের সৃষ্টি হয়। এই খবর পেয়ে সাংবাদিকরা আগে থেকেই এমপির মুন্সেফবাড়িস্থ বাসভবন এবং টাউনহলে জড়ো হতে থাকে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে সীমা মিষ্টি নিয়ে এমপি বাহারের নগরীর সুন্সেফবাড়ীস্থ বাড়িতে যান। সেখানে তাকে না পেয়ে নগরীর টাউন হলের একটি সভায় গিয়ে সীমা এমপির কাছে দোয়া চান। সভাস্থল থেকে বেরিয়ে সীমা অপেক্ষমান সাংবাদিকদের জানান, আমি চাচার (এমপি) কাছে দোয়া চেয়েছি। তিনি এতে ইতিবাচক সাড়া দিয়েছেন। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের এমপি বাহার জানান, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সীমা আমার কাছে দোয়া চেয়েছেন। তার সাফল্য কামনায় দোয়া ও সমর্থন আমার সবই থাকবে বলে জানিয়েছি। এমপি বাহার বলেন, সীমাকে দলের সভানেত্রী মনোনয়ন দিয়েছেন। কিন্তু ইসির আইন অনুসারে আমি তার জন্য মাঠে কাজ করতে না পারলেও তার প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে। ইসির অনুমতি পেলে হয়তো তার জন্য মাঠেও কাজ করতে পারি।   মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি