দেশজুড়ে

যশোরে অজ্ঞাত ব্যক্তিকে কুপিয়ে হত্যা

যশোরে দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (৪০) খুন হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার ঘুরুলিয়া উত্তরপাড়া ব্রিজের কাছে এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। যশোর কোতয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হুমায়ূন জানান, নিহত ব্যক্তির কোনো নাম-পরিচয় পাওয়া যায়নি। তিনি মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথার পেছনের দিকে একাধিক কোপ দেয়। এতে তার মাথা ও মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।  যশোর কোতয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় সনাক্তের পাশাপাশি কারা এবং কেন এ হত্যাকাণ্ড ঘটালো তা উদঘাটনে পুলিশ তৎপরতা শুরু করেছে। মিলন রহমান/এফএ/পিআর