দেশজুড়ে

অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগে গ্রেফতার ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপার এলাকা থেকে অবৈধ ভিওআইপি (ভয়েজ ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ২৮৪টি সিমসহ ভিওআইপি ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন, নোয়াখালী জেলার মৃত মমতাজুর রহমানের ছেলে আবু নোমান খসরু (৪২), মৃত আব্দুল হাসেমের ছেলে ফয়েজ আহমেদ রাজু (৩৫), ফেনীর আব্দুল মালেকের ছেলে আলমগীর হোসেন ওরফে মিশু (২৬) ও চট্টগ্রামের মৃত মানিক মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৫)।বৃহস্পতিবার (০৯ মার্চ) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানায়।সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেটে অভিযান চালিয়ে আলমগীর হোসেন মিশুকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩২টি গ্রামীণ ফোনের সিম উদ্ধার করা হয়। তার দেয়া তথ্যমতে একাধিক ছবি ও বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশনের সরঞ্জামসহ আল মামুন নামে এক দোকান মালিককে গ্রেফতার করা হয়। তাদের দুইজনের দেয়া তথ্যমতে, ঢাকার মধ্য বাড্ডার একটি বাসা থেকে ফয়েজ আহমেদ রাজু ও আবু নোমান খসরু নামের ২ ভিওআইপি ব্যবসার মূল হোতাকে গ্রেফতার করা হয়। ওই বাসায় তল্লাশি চালিয়ে ১ হাজার ২৮৪টি সিমসহ ভিওআইপি ব্যবসা পরিচালনার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম প্রমুখ।মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম