দেশজুড়ে

চকরিয়ায় কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চকরিয়ায় নিজ ঘরের শোবার কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মোহাম্মদ আরিফ রাজ (২২) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার সদস্য ও প্রতিবেশীদের দেয়া খবরের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে ডুলাহাজারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বৈরাগিরখিল গ্রামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।নিহত আরিফ রাজ ওই গ্রামের কৃষি ব্যাংকের কর্মকর্তা রমিজুল হকের ছেলে এবং চট্টগ্রাম পলিটেকনিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছেন পরিবার সদস্যরা।থানা পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার ব্যাংক কর্মকর্তা রমিজুল হকের ঘনিষ্ট বন্ধুর মেয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার বিষয় নিয়ে আগের দিন বুধবার রাতে মায়ের সঙ্গে তর্কাতর্কিতে লিপ্ত হয় আরিফ। এক পর্যায়ে অভিমান করে সে রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ে।পরদিন সকাল ১০টার দিকে পরিবার সদস্যরা বিয়েতে যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু সে বিয়েতে যেতে রাজি না হলে পরিবারের অন্য সদস্যরা আরিফকে বাসায় রেখে বিয়ে বাড়িতে চলে যায়।পরিবার সদস্যরা জানিয়েছেন, বাড়িতে কেউ না থাকার এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির চালার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে আরিফ।চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খাঁন বলেন, খবর পেয়ে এসআই সুকান্ত চৌধুরী ফোর্স নিয়ে আরিফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।ওসি আরও বলেন, ছেলেটি হয়তো অভিমান করে বাড়ির ভেতর চালার সঙ্গে গলায় গামছা পেঁছিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।সায়ীদ আলমগীর/বিএ