কুষ্টিয়ায় আবাসিক হোটেলে মার্কিন নারী সাংবাদিককে উত্ত্যক্তের অভিযোগে মালিক বিশ্বনাথ সাহা বিশুকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, উত্ত্যক্তের শিকার ওই মার্কিন সাংবাদিকের জিডি`র সূত্র ধরেই হোটেল মালিক বিশ্বনাথ সাহা বিশুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। বাল্যবিবাহ নিয়ে কাজ করতে এসে রাত্রিযাপনের জন্য মার্কিন ফ্রিল্যান্স ফটো সাংবাদিক ও মানবাধিকার কর্মী এ্যালিসন জয়েস গত ৬ মার্চ কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় এলাকার ‘খেয়া আবাসিক’ হোটেলে ওঠেন। গভীর রাতে হোটেল মালিক বিশ্বনাথ সাহা বিশু মদ্যপ অবস্থায় প্রায় আধাঘণ্টা ধরে তার কক্ষের দরজা খোলার চেষ্টা করেন বলে অভিযোগ করেন সাংবাদিক এ্যালিসন জয়েস। এ ঘটনায় হোটেল মালিকের বিরুদ্ধে রোববার কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ করেন তিনি। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়রি (নং-৫৭৪) করা হয়। রোববার কুষ্টিয়ার ওই দুই কর্মকর্তার কাছে বিদেশী ফটো সাংবাদিক এ্যালিসন জয়েসের পক্ষে অভিযোগটি জমা দেন সুফি ফারুক ইবনে আবুবকর। ওই সাংবাদিক জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে করা অভিযোগপত্রে লিখেছেন এখানে না আসলে জানতে পারতাম না মফস্বলের নারীরা কতটা বৈষম্যের শিকার হচ্ছেন। স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট ওই দুই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছেন এ্যালিসন জয়েস।এ ব্যাপারে কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান বলেন, বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, এ্যালিসন জয়েস ইংরেজিতে ঘটনাটি উল্লেখ করে সাধারণ ডায়রি করার জন্য তাদের ই-মেইল করলে তারা এটি আমলে নেন এবং তদন্ত শুরু করেন। জিডিতে মার্কিন নারী সাংবাদিক অভিযোগ করেছেন, ৬ মার্চ রাত ১টার দিকে হোটেল মালিক মি. সাহা তার কক্ষের দরজা অনবরত নক করতে থাকেন। এ অবস্থায় তিনি চরম আতঙ্কিত হয়ে পড়েন এবং দরজা না খুলে তার এক পরিচিত সাংবাদিককে ফোন করলে কিছুক্ষণ পর তিনি তাকে উদ্ধার করেন।আল-মামুন সাগর/এআরএ/এমএস