কুমিল্লায় ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১ এর সদস্যরা। সোমবার জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজার এলাকার টাইম স্কয়ার হোটেলের সামনে হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় হানিফ পরিবহনের ওই ভলবো বাসটি আটক করা হয়। সোমবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কুমিল্লাস্থ র্যাব-১১ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস সোমবার ভোরে মিয়ারবাজার এলাকায় টাইম স্কয়ার হোটেলের সামনে পৌঁছালে তল্লাশি চালায় র্যাব সদস্যরা। এ সময় বাসের সিটের ওপরের লাইটিং বক্সের ভেতর থাকা পৃথক স্থান থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত বাসচালক, দুই মাদক ব্যবসায়ী ও বাসটি আটক করা হয়। আটকরা হলেন, মুন্সিগঞ্জের আব্দুল হামিদ, নারায়ণগঞ্জের নাসির চৌধুরী ও ঝালকাঠির সুমন। আটক ইয়াবার মূল্য ৪০ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে জেলার চৌদ্দগ্রাম থানায় র্যাবের পক্ষ থেকে মামলা করা হয়েছে।মো. কামাল উদ্দিন/এএম/এমএস