দেশজুড়ে

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা!

গাজীপুরের কালীগঞ্জে চোর সন্দেহে অজ্ঞাত (৩২) এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। বুধবার ভোরে কালীগঞ্জ পৌর এলাকার ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে সকালে আড়িখোলা রেলওয়ে স্টেশনের অদূরে রেল লাইন থেকে ২৪-২৫ ফুট দূরে তার মৃত্যু হয়। পুলিশ দুপুরে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।     ঘটনার পর কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত, কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৪টার দিকে ডাক চিৎকার শুনতে পায় স্থানীয়রা। পরে সকালে তারা গুরুতর আহত অবস্থায় এক যুবককে রেল লাইন থেকে ২৪-২৫ ফুট দূরে পড়ে থাকতে দেখে। এ সময় গুরুতর অসুস্থ ওই যুবকের সঙ্গে কথা বলেন স্থানীয়রা। তিনি স্থানীয়দের জানায়, তার বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায়। থাকেন টঙ্গীর বাস্তহারা এলাকায়। সূত্র আরও জানায়, ভোরে উপজেলার ঘোনাপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে শাওন মিয়ার ঘরে চুরি করার উদ্দ্যেশে প্রবেশ করে। এ সময় শাওন তাকে দেখে চোর বলে চিৎকার করে। পরে তার ভাই রানা ও শাওন মিলে কামাল হোসেনের বাড়ি পাশ থেকে তাকে আটক করে। ধারণা করা হচ্ছে এ সময় তাদের এলোপাতাড়ি আঘাতে তার মৃত্যু হয়েছে।   কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, ঘটনার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ওই যুবককে অমানবিকভাবে পেটানোর কারণে তার মৃত্যু হয়েছে।প্রাথমিক তার দুটি পা ভাঙা, হাতে জখম এবং কোমরের দিকে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। ওই যুবকের পরিচয় পাওয়া না গেলে পুলিশ নিজেই বাদী হবে মামলা করবে বলে জানান তিনি।আব্দুর রহমান আরমান/এএম/জেআইএম