দেশজুড়ে

প্রাণ ফ্রুটো-এর লালন স্মরণোৎসবে উপচে পড়া ভিড়

প্রাণ ফ্রুটো-এর সৌজন্যে গাজীপুরে তিন দিনব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তর লালন স্মরণোৎসব ও মেলার দ্বিতীয় দিন বুধবার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এর আগে মঙ্গলবার বিকেলে লালন ভক্ত ও অনুসারীদের অংশগ্রহণে এ মেলার উদ্বোধন করা হয়।তিনদিনের এ উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম ও জাগো এফএম ৯৪.৪। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাধুর বাজার লোহাগাছিয়ায় ফকির খালেক সাঁইজির আখড়াবাড়ি প্রাঙ্গণে এ লালন স্মরণোৎসব ও মেলার আসর বসেছে। এতে বুধবার সারাদিন জেলার বিভিন্ন স্থান থেকে লালন ভক্ত ও সাধারণ মানুষ আসছেন সাধুর বাজারের এই লালন আখড়ায়। উৎসব উপলক্ষে লোহাগাছিয়ার সাধুর বাজার এলাকায় অনুষ্ঠিত মেলায় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করছে। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারত থেকে খ্যাতনামা লালন শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।মেলায় বাংলাদেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষ থেকে বেশ কিছু আকর্ষণীয় স্টল অংশ নিয়েছে। এছাড়া নাগরদোলা, মোটরসাইকেল খেলা, বিভিন্ন ধরনের খাবারের দোকান এবং নানা পসরা নিয়ে বিভিন্ন প্রকার দোকান বসেছে। লালন স্মরণোৎসব উপলক্ষে আজ (বুধবার) রাতে সংগীত পরিবেশন করবেন কিরণ চন্দ্র রায়, শংকর গোস্বামী (ভারত), চন্দনা মজুমদার, আনোয়ার শাহ, রুবি সরকার, মলিন ফকির, আঁখি সরকার, ফকির লোকমান প্রমুখ। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মেলায় মানুষের উপচে পড়া ভিড় থাকে। আর প্রতিদিন রাত ৯টা থেকে ভোর পর্যন্ত দেশ-বিদেশের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এলাকার শত শত লোক তা উপভোগ করেন।মোঃ আমিনুল ইসলাম/এএম/জেআইএম