দেশজুড়ে

ইয়াবাসহ স্কুলছাত্র আটক

নারায়ণগঞ্জে ইয়াবাসহ এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ ওই স্কুলছাত্রের কাছ থেকে সাড়ে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে।

আটক স্কুলছাত্রের নাম নাজমুল হোসেন (১৬)। রোববার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডস্থ ফতুল্লার সাইনবোর্ড এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে নাজমুলকে আটক করা হয়।

আটক নাজমুল হোসেন আড়াইহাজার উপজেলার ইলমদী এলাকার ফজলুল করিমের ছেলে। আর সে আড়াইহাজার সিংহদীয়া মোতালেব ভূইয়া উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অটল দাস জানান, সাইনবোর্ড এলাকার পুলিশের চেকপোস্টে গাড়ি তল্লাশি করা কালে একটি সিএনজি তল্লাশি করে নাজমুল হোসেন নামে একজনকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে সাড়ে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে নিজেকে স্কুলছাত্র হিসেবে দাবি করলেও তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। ডিউটি শেষ করে রাতে জিজ্ঞাসাবাদ শেষে মামলা দিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম