দেশজুড়ে

কবরের জন্য আলাদা জায়গা চাইলেন হিজড়ারা

হিজড়ারা তাদের কবরস্থ করতে আলাদা জায়গাসহ বিভিন্ন মৌলিক অধিকার পূরণের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে।

মঙ্গলবার গাজীপুরে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে (নাটমন্দির) অনুষ্ঠিত পক্ষকালব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হিজড়া প্রতিনিধি তোড়া হিজড়া এ দাবি জানান।

গাজীপুরে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের উদ্যোগে অনুষ্ঠিত আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদ হাসান, সিভিল সার্জন ডা. সৈয়দ মো. মনঞ্জুরুল হক, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক শংকর শরণ সাহা প্রমুখ।

তোড়া হিজড়া তাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে তাদের সমাহিত করার জন্য পৃথক জায়গা প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান।

তিনি বলেন, আমরা মানুষের পেটে জন্ম নিলেও এ সমাজে আমাদের তেমন স্থান নেই। আমরা হিজড়ারা সকল প্রকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান থেকে আমরা অনেটাই বঞ্চিত। একজন হিজড়া মারা গেলে তাকে সমাহিত করতে অনেক কষ্ট করতে হয়। সমাজের সাধারণ মানুষ তাদের ঘৃণার চোখে দেখে। আদর-ভালোবাসা থেকে তারা বঞ্চিত।

তাই হিজড়াদের জীবন মান উন্নয়ন এবং  মৌলিক অধিকার প্রদানের জন্য দাবি জানান তিনি। অনুষ্ঠানে গত ১৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে ৫০ জন হিজড়াকে সেলাই মেশিন প্রদান করা হয়।

প্রধান অতিথি তাদের আলাদা কবরস্থানের জায়গা দেখার তাগিদ দেন। তিনি সবাইকে তাদের প্রতি ভালো আচরণ এবং হিজড়াদের মানুষের সঙ্গে সভ্য আচরণ করতে বলেন। সচিব বলেন, জরিপ অনুযায়ী হিজড়াদের স্মার্ট কার্ড দেয়া হবে।

মো. আমিনুল ইসলাম/এএম/এমএস