দেশজুড়ে

নারায়ণগঞ্জে অপহৃত ৩ নির্মাণ শ্রমিক উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের কালীরবাজার থেকে পুলিশ পরিচয়ে অপহরণ করে নিয়ে যাওয়া তিন নির্মাণ শ্রমিককে উদ্ধার করেছে জেলা ডিবি পুলিশের একটি টিম। এসময় অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ভোরে শহরের দেওভোগ পাক্কা রোড ও নন্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত উদ্ধার ও করে অপহরণকারীদের গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন- বন্দরের মেরিন টেকনোলজিতে কর্মরত ঠিকাদারি প্রতিষ্ঠান ইকবাল এন্টারপ্রাইজের নির্মাণ শ্রমিক আব্দুর রহিম, ফরিদুল ইসলাম ও রাকিব। তাদের তিনজনেরই গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার বানিয়াপাড়া এলাকায়।

গ্রেফতার অপহরণকারী চক্রের সদস্যরা হলেন- শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার জয়নাল আবেদীনের ছেলে রবিউল আবেদীন ওরফে রবিন (২১), নন্দীপাড়া ডিএন রোড এলাকার দেলোয়ারের বাড়ির ভাড়াটিয়া রুহুল আমিনের ছেলে মো. রানা (২২), নন্দীপাড়া ডিএন রোড এলাকার জুবায়েরের বাড়ির ভাড়াটিয়া শাহীনের ছেলে হৃদয় (২২), বন্দরের সালেহনগরের বাচ্চু মিয়ার ছেলে আলামিন (২৬) ও শহরের পাইকপাড়া সরদারগলির অবন শেখের ছেলে মিঠু (২৭)।

জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের কালীরবাজার এলাকা থেকে ইকবাল এন্টারপ্রাইজের তিনজন নির্মাণ শ্রমিককে পুলিশ পরিচয়ে অপহরণ করে অপহরণকারী চক্র। বিষয়টি তাৎক্ষণিক জেলা পুলিশ সুপার মঈনুল হককে অবহিত করলে জেলা গোয়েন্দা শাখার আইটি শাখাকে অপহৃতদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের নিদের্শ দেন।

পরে পুলিশ সুপারের নির্দেশে তিনিসহ ডিবির এসআই জাহাঙ্গীর আলম, এসআই গিয়াস উদ্দিন, এএসআই শামীম হোসেনের নেতৃত্বে একটি দল দেওভোগ পাক্কা রোড ও নন্দিপাড়া এলাকায় শুক্রবার ভোরে অভিযান চালিয়ে অপহৃত তিনজনকে উদ্ধার ও পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করে। এ সময় দুটি ধারালো চাকু, মুক্তিপণের ২৫০০ টাকা, চারটি মোবাইল সেট উদ্ধার করা হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান এসআই মফিজুল ইসলাম।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর