দেশজুড়ে

তিনমাসের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শিশুপুত্রকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছে মা শাহীনুর বেগম (২৮)। তবে তাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়।

আটক শাহীনুর বেগম কাপাসিয়া উপজেলার দিঘধা এলাকার শরীফুল ইসলামের স্ত্রী।

কাপাসিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দুলাল জানান, মঙ্গলবার ভোরে স্ত্রী ও দুই সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে ফজরের নামাজ পড়তে স্থানীয় মসজিদে যান শরীফ। এসময় ছুরি দিয়ে ঘুমন্ত তিনমাসের শিশুপুত্র সাবিবকে গলা কেটে হত্যার সময় শিশুটির কান্নার শব্দ শুনে জেগে ওঠে পাশে শুয়ে থাকা শিশুটির বড়বোন মালিহা (৪)।

এসময় রক্তাক্ত ছুরি দেখে কান্না শুরু করলে মালিহাকে হত্যার জন্য তেড়ে যায় মা। মালিহা দৌড়ে ঘর থেকে বের হয়ে তার দাদিকে গিয়ে ঘটনাটি জানায়। পরে তার দাদি ও পরিবারের লোকজন ঘরে গিয়ে ওই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। শিশুটিকে হত্যার পর শাহীনুর বেগম নিজেও আত্মহত্যার চেষ্টা করে।

এসময় স্বজনরা পুলিশে খবর দেয়। পরে মাকে আটক করে পুলিশ হেফাজতে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে কী কারণে হত্যার ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।

কাপাসিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

আব্দুর রহমান আরমান/এফএ/পিআর