কক্সবাজার পর্যটন হোটেল-মোটেল জোনের প্রবেশদ্বার কলাতলী মোড়ে স্থাপিত দৃষ্টিনন্দন ‘জ’ ভাস্কর্যটি গুঁড়িয়ে দিয়েছে পণ্যবাহী বেপরোয়া এক ট্রাক। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
ট্রাকের ধাক্কায় ফোয়ারার একটি ডলফিন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অপর দুইটি ডলফিন। এ ঘটনায় ট্রাকটি জব্দ ও চালক-হেলপারকে আটক করা হয়েছে।
আটকরা হলো, ট্রাকচালক বগুড়ার শিবগঞ্জের কাজীপুর এলাকার মৃত আবদুল গফুর আকন্দের ছেলে নুরুল ইসলাম (৪৩) ও হেলপার একই এলাকার জামাল উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (২০)।
প্রত্যক্ষর্শীরা জানান, সিলেট থেকে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-১৪-১৪৩২) শহরে প্রবেশ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ‘জ’ ভাস্কর্যটির পূর্বপাশে ধাক্কা দেয়। এতে একটি ডলফিন ভেঙে গুঁড়িয়ে যায়। এছাড়াও দক্ষিণ ও উত্তর পাশের ভাস্কর্য দুইটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ট্রাকটি জব্দ করেছে।
কক্সবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রাকটি জব্দ ও চালক-হেলপারকে আটক করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এআরএ/এমএস