নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিম আক্তার (২৩) নামে এক গৃহবধূর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী মঞ্জু মিয়াকে (৩০) আটক করা হয়েছে। সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সানারপাড়া এলাকার আব্দুর রহমান সিকাদেরর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন সাংবাদিকদের বলেন, বিকেল ৫টার দিকে ছয়তলা ভবনের ৪ তলায় আগুন দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ওই বাসার বাথরুম থেকে পুড়ে যাওয়া মীম আক্তারের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বামী মঞ্জু স্ত্রীকে পুড়িয়ে মারার কথা স্বীকার করেছেন। তিনি জানান, স্ত্রী আগেই আত্মহত্যা করে মারা যায়। পরে মরদেহ গুম করার জন্য রান্না ঘরের গ্যাসের পাইপ দিয়ে মরদেহ আগুন দিয়ে পুড়ে ফেলা হয়।
নিহত গৃহবধূ মিম আক্তার বরিশাল মেহেন্দিগঞ্জ থানার চাত্তার হাট এলাকার আব্দুর সাত্তার মেয়ে। স্বামী মঞ্জুর মিয়া সোনারগাঁ উপজেলার বস্তুল এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে। তাদের সংসারে ইয়াছিন মিয়া (১০) ও সাদিয়া আক্তার (৮) নামে দুই সন্তান রয়েছে।
হোসেন চিশতী সিপলু/এএম/আরআইপি