নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভোলাইল এলাকার নানা অপকর্মের হোতা ও মাদক ব্যবসায়ীদের আশ্রয়দাতা মনির হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেয়াসহ মাদক সেবনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
রোববার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জেবীন বিনতে শেখ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ দণ্ডাদেশ দেন।
এর আগে রোববার সকালে ভোলাইল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আশ্রয়দাতা মনির হোসেন গ্রেফতার করা হয়। দণ্ডপ্রাপ্ত মনির হোসেন ফতুল্লার দেওভোগ সড়কের মোড় ভোলাইল এলাকার মৃত কমরউদ্দিনের ছেলে।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের শেল্টার দিয়ে আসছিল। রোববার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পরে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জেবীন বিনতে শেখ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মনিরকে তিনমাসের কারাদণ্ড দেন।
মো: শাহাদাত হোসেন/এএম/এমএস